মালদ্বীপে জরুরি অবস্থা জারি: গ্রেফতার প্রধান বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট মামুন

মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।  সুপ্রিম কোর্টের সঙ্গে বিরোধ ইস্যুতে সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হয়।  জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই গ্রেপ্তার হয়েছেন দেশটির প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ।

এদিকে রাত থেকেই দেশটির সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে পুলিশ।  আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকা পড়েছেন।

মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মামুন

আব্দুল গাইয়ুমকে আটক করা হয়েছে।  রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেবার জন্য সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন সেটিকে মানতে অস্বীকৃতি জানান বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।

প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসনে ও গ্রেপ্তারে সুপ্রিম কোর্টকে রুখতেই এমন  পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  এছাড়া আরেক সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে চলমান আরও একটি মামলাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট।

এদিকে মালদ্বীপে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি বরিস জনসন।  আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক টুইট বার্তায় জানায়, মালদ্বীপে কী হচ্ছে সারা দুনিয়া সেদিকে খেয়াল রাখছে।