সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির ভাবনা নিরাপত্তা পরিষদের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের সুযোগ দিতে সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির জন্যে একটি খসড়া প্রস্তাবের কথা বিবেচনা করছে। এএফপি’র খবরে একথা বলা হয়।

সুইডেন ও কুয়েতের উপস্থাপন করা এ প্রস্তাবে ইস্টার্ন ঘৌতাসহ বিভিন্ন এলাকার অবরুদ্ধ অবস্থার দ্রুত অবসানের দাবি জানানো হবে। বিগত পাঁচ দিনে ইস্টার্ন ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় ২৪০ জনের বেশী বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

এ সপ্তাহের গোড়ার দিকে এমন একটি প্রস্তাব রাশিয়া প্রত্যাখান করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মাসব্যাপী অস্ত্রবিরতি পালনে জাতিসংঘ ত্রাণ কর্মীদের একটি প্রস্তাবের প্রতি সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবানজিয়া বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সাথে যুদ্ধরত বিভিন্ন সশস্ত্র গ্রুপ এ বিষয়ে সম্মত হবে না। তাই অস্ত্রবিরতি পালনের এ প্রস্তাব বাস্তবসম্মত নয়।

সিরিয়ায় সিরিজ বিমান হামলায় নিহত দুই শতাধিক
সোমবারের পর থেকে সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৪ জন শিশু ও ৪১ জন নারী রয়েছে।

জাতিসংঘ মঙ্গলবার সিরিয়ায় অন্তত একমাসের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সে আহ্বান উপেক্ষা করেই প্রচণ্ড বিমান হামলা অব্যাহত আছে।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতা অঞ্চলে সরকারি বাহিনী গত কয়েকদিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ সে অঞ্চলে গতকাল বিমান হামলায় ১২ শিশুসহ ৩১ জন নিহত হয়েছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরতলীর হামুরিয়ে, বেইত সাবা এবং দৌমায় সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং গোলাবর্ষণ করেছে।

ঘৌতায় বোমা হামলায় ৩১ জন নিহত হওয়া ছাড়াও আরো ৬৫ জন আহত হয়েছে।

সিরিয়া সরকার বরাবরই হামলায় বেসামরিক জনগণ নয় বরং কেবল জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করে আসছে।