থানায় গিয়ে সেবা না পেলে জানাবেন, ব্যবস্থা নেব

পুলিশ জনমানুষের সেবা দিতে বাধ্য। থানা হচ্ছে মানুষের আশ্রয় কেন্দ্র। যদি কেউ থানায় গিয়ে সঠিক সেবা না পান, তবে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নেব। কথাগুলো বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে স্কুলের অডিটোরিয়ামে তিনি এসব বলেন।

তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশ্যে বলেন, কোনো মানুষ যাতে থানায় গিয়ে অবহেলিত না হয়। মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন। তাদের যথাযথ সেবা দিবেন। আপনারা অসহায় মানুষের পক্ষে কাজ করবেন, কারণ থানা মানুষের আশ্রয় কেন্দ্র।

এসমসয়  মাদক সেবী ও বিক্রেতাদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানান কমিশনার। তিনি বলেন, মাদক সেবী ও বিক্রেতাদের সম্পর্কে আমাদের তথ্য দিন। প্রয়োজনে তথ্য দাতার পরিচয় গোপন রেখে মাদকের বিরুদ্ধে কাজ করবো।