প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এর আগে কামাল আবদুল নাসের চৌধুরী এই দায়িত্ব পালন করেন।

রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কামাল আবদুল নাসের চৌধুরী মেয়াদ আজ শেষ হওয়ায় মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার মুখ্য সচিবের দায়িত্ব পেলেন নজিবুর।

ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী, তারা একই পদমর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ্য সচিবের নামটি থাকে। এছাড়া একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে।

উল্লেখ্য, ১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন নজিবুর রহমান।