
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে প্রাকৃতিক দুর্যোগ নিত্যনৈমিত্তিক ব্যাপার এই দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস- এইসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা, জানমালের ক্ষতি যাতে কম হয়, সে ব্যবস্থা নিতে হবে।
বৃহষ্পতিবার তার কার্যালয়ে অনুদানের চেক গ্রহণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, এই দুর্ভোগ লাঘবে সহায়তা করতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসুন।
বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সংস্থাসমূহ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শিপার্স কাউন্সিল, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এবং ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেয়।
চলমান বন্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফসলের বেশ ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। নদী ভাঙনে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ, সকল প্রস্তুতি আমাদের নেয়া আছে।’
ত্রাণ তহবিলে অনুদান দেয়ায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অনুদান দুর্গত মানুষের সহোযোগিতায় কাজে লাগবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ড তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরল হামিদ বিপু, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ একেএম শহিদুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাজিবুর রহমান, র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।