খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সদরের অদূরে গাইবান্ধা সড়কে ধানের জমির আইলে পড়ে থাকা মৃত ছোট্ট শিশুটি কার অবৈধ পাপের ফসল। শিশুটির গর্ভধারিনীর পরিচয় নিয়ে স্থানীয় উৎসূকদের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের অদূরে গাইবান্ধা সড়ক ঘেঁষে আদর্শ এতিমখানা সংলগ্ন একটি ধান ক্ষেতের জমিতে স্থানীয়রা সদ্য ভূমিষ্ট ছোট্ট একটি মেয়ে শিশু পড়ে থাকতে দেখতে পায়।
স্থানীয়রা ধানের জমির পানি হতে মৃত শিশুটিকে উঁচুতে উঠায়। পরে তা জানাজানি হলে এলাকার উৎসূকরা শিশুটিকে একনজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কে-বা কাহারা অবৈধ পাপের ফসল মৃত ওই নবজাতককে সড়কের পাশে ধানের জমির আইলে ফেলে রেখে যায়।
শুক্রবার সকালে উদ্ধার করা শিশুটি কার অবৈধ পাপের ফসল এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। শিশুটির প্রকৃত পিতৃ পরিচয় নিয়ে স্থানীয়দের মাঝে নানা জল্পনা-কল্পনাসহ বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়েছে।