‘জনগণের দুঃখ দুর্দশা নিয়ে ভাবার সময় নেই হিতাহিত জ্ঞানশূন্য সরকারের’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে যেভাবে আক্রমনাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন- তাতে সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে বলেই মনে হয়। আর এসব কারণেই জনগণের দুঃখ দুর্দশা নিয়ে ভাববার সময় তাদের নেই।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। জনগণের নিকট তাদের কোন জবাবদিহিতা থাকবে না, এটাই স্বাভাবিক। আর জবাবদিহি করার কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না বলেই তারা মানুষের দুঃখ দুর্দশা লাঘবেও উদাসীন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ দিতে গিয়ে নৌকায় ভোট চাইতে ব্যস্ত।