
মাগুরা সদর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালীতে এ ঘটনা ঘটে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কানইডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে হাবিুবুর রহমান স্বপন (২৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
আহতরা হলেন- সাগর (৩১), জাফর (৩৫), হানিফ (৪০), মুকুল (৩৫), ফারুক (৫০), জাহাঙ্গীর (৩৫), মিঠুন (২০), সালাম (৫০), আশিক (১৭), মানিক (২০) ও জাহিরুল (৩২)।
এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, দর্শনা ডিলাক্স দর্শনা থেকে ঢাকা যাচ্ছিল। সোনার তরী পরিবহন বরিশাল থেকে রাজশাহী যাচ্ছিল। মাগুরা সদর উপজেলায় নৈশকোচ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোনার তরী পরিবহন সড়কের ওপর উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের রাতেই মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত দুজনের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।সূত্র- আরটিএনএন